ইত্তেফাক রিপোর্ট
যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী (ডেপুটি সেক্রেটারি অব স্টেট) স্টিফেন ই বিগান সরকারি সফরে বাংলাদেশে আসছেন। এর আগে তিনি ভারত সফর করবেন। গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ১২ অক্টোবর ভারতের নয়াদিল্লিতে পৌঁছবেন। ১৪ অক্টোবর পর্যন্ত ভারতে অবস্থানকালে তিনি দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্? করবেন এবং ইন্ডিয়া-ইউএস ফোরামে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।
তিনি ১৪ অক্টোবর ঢাকায় আসবেন। ১৪ থেকে ১৬ অক্টোবর বাংলাদেশ সফরকালে তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করবেন এবং আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্বের বিষয়টি পুনঃনিশ্চিত করবেন। বাংলাদেশ সফরে ডেপুটি সেক্রেটারি বিগান সবার সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার পাশাপাশি কোভিড-১৯ মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।