যুক্তরাজ্যে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের ভার্চুয়াল মেলা আজ

কোভিড-১৯-এর কারণে আজ শনিবার ভার্চুয়াল মাধ্যমে স্টাডি ইউকে মেলার আয়োজন করছে ব্রিটিশ কাউন্সিল। এই ভার্চুয়াল মেলায় যুক্তরাজ্যের অনেক সুপরিচিত বিশ্ববিদ্যালয় অংশ নেবে ।

এই মেলায় শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভর্তি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে বর্তমানে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে স্থিতাবস্থা রয়েছে এবং ক্ষেত্রবিশেষে সীমিত পরিসরে ভ্রমণ করা যাচ্ছে। এ পরিস্থিতিতে, এ ভার্চুয়াল মেলাটি বিশেষজ্ঞদের কাছ থেকে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য গ্রহণের এক সুযোগ। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিনিধিরা মেলায় উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়, বিষয় নির্বাচন ও আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করবেন।

ভার্চুয়াল মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা মেলা চলাকালীন সময়ে চ্যাট রুমে বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পাবেন এবং এর পাশাপাশি ক্যাটালগ ডাউনলোড ও বিজনেস কার্ড বিনিময়েরও সুযোগ পাবেন।

আগ্রহী শিক্ষার্থীরা এ ওয়েবসাইটে প্রবেশ করে https://bd.registration. studz-uk.britishcouncil.org/events ভার্চুয়াল মেলায় অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর শিক্ষার্থীদের লগ-ইন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। এছাড়াও যেসব শিক্ষার্থী মেলার আগে নিবন্ধন করতে পারবেন না তাদেরকে মেলা চলাকালীন সময়ে নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। —প্রেস বিজ্ঞপ্তি