খুলনায় চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে দুই ডিপো মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত তাদের এই জরিমানা করে। অভিযুক্ত দুই ডিপো মালিক হলেন, ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া বাজারের ব্যবসায়ী চহেড়া গ্রামের নারায়ণ বিশ্বাসের ছেলে সত্যপ্রসাদ বিশ্বাস ও মেসার্স নূপুর ফিসের স্বত্বাধিকারী বরাতিয়া গ্রামের শম্পা মল্লিক।
র্যাব-৬-এর মেজর মো. আনিসুজ্জামান জানান, চিংড়িতে শরীরের জন্য ক্ষতিকর অপদ্রব্য জেলি পুশ করার সময় খর্ণিয়া বাজারের ব্যবসায়ী সত্যপ্রসাদ বিশ্বাসকে ২০ হাজার টাকা ও মেসার্স নূপুর ফিসের স্বত্ব্বাধিকারী শম্পা মল্লিককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জেলি পুশ করা ৫০০ কেজি চিংড়ি নষ্ট করা হয়।
এর আগে গত ৫ অক্টোবর দুপুরে রূপসা উপজেলার বাগমারা এলাকায় খুলনা জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনাকালে চিংড়িতে অপদ্রব্য জেলি পুশ করার সময় সোহান শেখ, মো. শাহাজাহান, শেখ কানন ও জেলি পুশ করার উদ্দেশ্যে চিংড়ি পরিবহনকারী ভ্যানচালক ইব্রাহিম হাওলাদারকে হাতেনাতে আটক করে। এ সময় সোহান শেখ, শাহাজাহান ও শেখ কাননকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং উক্ত তিন জনসহ ভ্যানচালক ইব্রাহিম হাওলাদারকে ২৫ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।