দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ২৭৮ জন করোনা ভাইরাসে সংক্রমিত নতুন রোগী শনাক্ত হয়েছেন। একই সময় করোনায় আক্রান্ত হয়ে আরো ১৭ জন মারা গেছেন। প্রায় সাড়ে চার মাস পর গতকাল দৈনিক মৃত্যু ২০-এর নিচে নামল। এর আগে ২৪ ঘণ্টায় এর চেয়ে কম মৃত্যু ছিল ১৩৪ দিন আগে, রোজার ঈদের পর গত ২৮ মে। ঐ দিন ১৫ জনের মৃত্যুর তথ্য ছিল। এরপর গত সাড়ে চার মাসে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা ছিল ২০ জনের বেশি।
গতকাল শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ১৭ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ৫ হাজার ৪৭৭ জনের মৃত্যু হলো। আর দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৫৯৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৮৯ হাজার ৯১২ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৯টি ল্যাবে ১১ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২০ লাখ ৫০ হাজার ৬৬৯টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৩৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ১৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৯ জন, নারী আট জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন।