দুই মামলা পিবিআইতে দুই আসামির জবানবন্দি

বেগমগঞ্জ উপজেলার একলাশপুরের এক নারীকে (৩৫) বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিওচিত্র ধারণ ও প্রকাশের ঘটনায় থানায় দায়েরকৃত দুইটি মামলা গতকাল শুক্রবার রাতে পিবিআইতে স্থানান্তর করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে ঐ ভুক্তভোগী নারীর তিনটি মামলার মধ্যে শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে থানায় দায়ের করা ৫ ও ৬  নম্বর দুটি মামলা পিবিআইতে দেওয়া হয়েছে। এ দুই মামলার এজাহারভুক্ত ৯ জন ও অজ্ঞাত আরো সাত/আট জনকে আসামি করা হয়। মামলা দুইটিতে এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়। ঐ দুইটি মাললা দায়েরের পর সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার ও প্রধান সহযোগী আবুল কালামের বিরুদ্ধে ধর্ষণের একটি মামলা দায়ের করেন ঐ নারী। 

দুই আসমির জবানবন্দি :এদিকে, গ্রেফতারকৃত ও রিমান্ডে থাকা  দুই আসামি আনোয়ার  হোসেন সোহাগ ও মো. রাসেল গতকাল বিকালে জেলার ৪ নম্বর আমলি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেহ উদ্দিন মিজান জবানবন্দি  রেকর্ড করেন। পরে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।