বরিশালে ধর্ষণচেষ্টা মামলার আসামি ছিনতাই

উজিরপুরে ধর্ষণচেষ্টা মামলার আসামি দুই সহোদরকে গ্রেফতারের সময় ছিনিয়ে নিয়েছে তাদের লোকজন। এ সময় আসামিদের লোকজনের হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ চার জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রুবেল নামে হামলাকারীদের এক জনকে পুলিশ গ্রেফতার করেছে। তবে অভিযুক্ত দুই সহোদরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উপজেলার গুঠিয়া ইউনিয়নের কাকরাধারী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার এক ছাত্রীকে শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টা করে দুই সহোদর বখাটে সুমন ও সুজন রাড়ি। এ ঘটনায় ঐ ছাত্রীর বাবা বুধবার থানায় মামলা করেন। কিন্তু গত বৃহস্পতিবার রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছত্তার মোল্লা ও তার সহযোগী শাহআলম সরদার ছাত্রীর পরিবারকে চাপ দিয়ে সালিশ মীমাংসায় বসেন। সেখান থেকে পুলিশ দুই সহোদরকে গ্রেফতার করে থানায় নেওয়ার সময় হামলা চালিয়ে তাদের লোকজন আসামি ছিনিয়ে নেয়। হামলায় এসআই নিজামুদ্দিন ও এএসআই নুরুল ইসলামসহ স্থানীয় আরো দুই জন আহত হন। উজিরপুর থানা ওসি জিয়াউল আহসান জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে।