অপহূত মাইক্রোবাস চালককে ছেড়ে দেওয়ার সময় ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা

কক্সবাজারের কুতুপালংয়ে যাত্রী আনতে গিয়ে সশস্ত্র রোহিঙ্গা গ্রুপের হাতে অপহূত টেকনাফের মাইক্রোবাস চালক নুরুল বশরকে দুই দিন পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ছেড়ে দেওয়ার সময় সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে বলে জানা গেছে। তাকে কক্সবাজার চিকিত্সা দেওয়া হচ্ছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় হ্নীলা হতে কুতুপালং মরকজ পাহাড় এলাকায় যাত্রী আনতে গিয়ে হ্নীলা রঙ্গিখালী স্কুলপাড়ার দিলদার আহমদ দিলুর পুত্র নুরুল বশর (৩৫) অপহূত এবং পশ্চিম সিকদার পাড়ার নুর হোছনের পুত্র নুরুল হুদা (৩০) খুন হন। জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নুরুল বশরকে রোহিঙ্গা অপহরণকারী চক্রের সদস্যরা ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ছেড়ে দেয়। তার স্ত্রী সেগুফা ইয়াসমিন ও চাচা মুফিজুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, অপহরণের পরদিন একটি মুঠোফোন থেকে অপহূত নুরুল বশর তার বাবাকে ফোন করে জানান, তিনি রোহিঙ্গা উগ্রপন্থি গ্রুপের হেফাজতে পাহাড়ে রয়েছেন। এই বিষয় নিয়ে বেশি হইচই করলে তাকে মেরে ফেলা হবে। আর নীরব থাকলে তাদের মনে দয়া হলে জীবিত ছেড়ে দিতে পারে। তবে কী কারণে তাকে অপহরণ করা হয়েছিলো তা জানা যায়নি।