খুলনায় ট্রিপল মার্ডারের ঘটনায় মূল হোতাসহ গ্রেফতার ৩

খুলনার খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামে ট্রিপল মার্ডারের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা শেখ জাকারিয়া, তার ভাই মিল্টন ও আরেক আসামি রাজুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ঘটনার প্রায় তিন মাস পর গতকাল শুক্রবার সকালে ঢাকার মিরপুরের ১৮তলা একটি ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা ডিবির ইন্সপেক্টর এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়। তাদের খুলনায় আনার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এর আগে গত ২৫ জুলাই হত্যা মামলাটি ডিবির নিকট হস্তান্তর করা হয়। হত্যাকাণ্ডের পর জাকারিয়ার ছোট ভাই জাফরিন হাসানকে যশোরের বাঘারপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ। রিমান্ডে তার স্বীকারোক্তির পর এ ঘটনায় ব্যবহূত অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।

উল্লেখ্য, গত ১৬ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে মশিয়ালী গ্রামের মুজিবর নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ পুলিশের হাতে ধরিয়ে দেয় খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক জাকারিয়া হাসান এবং তার ভাই জাফরিন ও মিল্টন। এ ঘটনায় গ্রামের বেশ কয়েকজন জাকারিয়ার বাড়িতে গিয়ে গ্রেফতার করানোর কারণ জানতে চায়। এ সময় জাকারিয়ার সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাকারিয়া, জাফরিন ও মিল্টন তাদের ওপর অতর্কিত গুলিবর্ষণ করে। গুলিতে মো. নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম নামে তিন জন নিহত হন। অপরদিকে, বিক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে সন্ত্রাসী জাকারিয়া বাহিনীর সদস্য ও জাকারিয়ার চাচাতো ভাই জিহাদ শেখ মারা যায়।