মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার থেকেই জনসমক্ষে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন তার চিকিত্সক। যদিও তার করোনা ভাইরাসের পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে কি না, সেই বিষয়ে কিছু জানাননি চিকিত্সক। এদিকে কোভিড-১৯ এ আক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্প সরকার পরিচালনায় কতোটা সক্ষম তা জানতে একটি তদন্ত প্যানেল গঠনের দাবি জানিয়েছেন ডেমোক্র্যাটরা। খবর রয়টার্স, দ্য গার্ডিয়ান ও আলজাজিরার
প্রেসিডেন্ট ট্রাম্পের চিকিত্সক শ্যন কনলি স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, পহেলা অক্টোবর প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেই হিসেবে যুক্তরাষ্ট্রের সময় শনিবার (বাংলাদেশ সময় রবিবার) দশ দিন পার হচ্ছে। হাসপাতাল থেকে হোয়াইট হাউজে আসার পর প্রেসিডেন্ট অনেক সুস্থ এবং তিনি চিকিত্সায় খুব ভালো সাড়া দিচ্ছেন। তার শারীরিক অবস্থাও স্থিতিশীল ও স্বাভাবিক। তাই এখন বাইরে যেতে তার কোনো সমস্যা নেই। হোয়াইট হাউজের মুখপাত্র কেলেইগ ম্যাকইনানি জানিয়েছেন, সম্ভব হলে চলতি সপ্তাহেই প্রচারণায় যেতে প্রস্তুত প্রেসিডেন্ট ট্রাম্প। চিকিত্সকের বিবৃতির পর রাতে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আমি শনিবার রাতেই ফ্লোরিডায় প্রচারণায় যেতে চাই। সম্ভব হলে একই রাতে পেনসিলভানিয়ায়ও প্রচারণা চালাব।
তদন্ত চান ডেমোক্র্যাটরা
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার এবং ডেমোক্র্যাটদের অন্যতম নেত্রী ন্যান্সি পেলোসি শুক্রবার জানান, সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী প্রেসিডেন্ট সরকার পরিচালনায় মানসিকভাবে সক্ষম কি না, তা দেখতে একটি তদন্ত প্যানেলের প্রস্তাব করছেন তারা। প্রস্তাবটি পরিষদে পাশের চেষ্টা চলছে।