বাবা-মায়ের দ্বন্দ্বে শিশুকে পুড়িয়ে হত্যার চেষ্টা

বাবা-মায়ের দ্বন্দ্বে মৃত্যুর মুখে পড়েছে শিশু আল আমীন। যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের আল আমীন নামে পাঁচ বছরের এক শিশুকে পুড়িয়ে হত্যাচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোররাতে ঐ শিশুটি অগ্নিদগ্ধ হয়েছে। শিশুটির গায়ে আগুন দেওয়া নিয়ে পালটাপালটি অভিযোগ পাওয়া গেছে।

আল আমীনের মা তামান্না দাবি করেছেন, শিশুটির পিতা তাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে। তবে শিশুর পিতা হাজী দাউদ সরদারের দাবি, তিনি সন্তানের শরীরে আগুন দেননি। শিশুটির নানী সাকিরন বিবি তার সম্পত্তি আত্মসাতের জন্য এ নাটক সাজিয়েছেন। শিশুকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানিয়েছেন, আল আমীন বর্তমানে যশোর সদরের এড়েন্দা গ্রামে তার মা তামান্না ও নানী সাকিরন বিবির সঙ্গে বসবাস করে। গত রবিবার নানী সাকিরন বিবি আল আমীনকে সঙ্গে নিয়ে বাঁকড়া গ্রামে তার পিতার বাড়িতে বেড়াতে যান। এ খবর জানতে পারেন একই গ্রামের বাসিন্দা শিশুটির পিতা দাউদ সরদার। বুধবার রাতে আল আমীন ও তার নানী সাকিরন বিবি একটি রুমে ঘুমিয়ে ছিল। বৃহস্পতিবার ভোররাতের দিকে ঘরের ইটের জানালা দিয়ে পাটখড়ির মাধ্যমে মশারিতে আগুন দেওয়া হয়। এ সময় আল আমীন চিত্কার দিলে পরিবারের লোক জন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অগ্নিদগ্ধ আল আমীনের মা তামান্না জানান, ছয় বছর আগে তিনি দাউদ সরদারের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। এ সময় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করায় তার গর্ভে সন্তান আসে। আল-আমীনের জন্ম হয়। প্রথমে দাউদ অস্বীকার করলেও ডিএনএ টেস্টের মাধ্যমে আদালতে প্রমাণ হয় আল আমীন দাউদের সন্তান। একপর্যায়ে দাউদ তামান্নাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলেও পরে তাদের বিচ্ছেদ হয়। এখন সন্তানের পরিচয় অস্বীকার করতে দাউদ সরদার সন্তানকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে।