নীলফামারীর সৈয়দপুরের পল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ পরিবারের সর্বস্ব পুরে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী বালিকান্তপাড়ায় এ ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধ শতাধিক মানুষ মাথাগোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
জানা যায়, ঐ এলাকার ওলেকান্ত রায়ের ছেলে সুবাস রায়ের বাড়ির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িতে। এতে মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় আচ্ছন্ন হয়ে যায় ১৬টি বাড়ি। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টাকালে খবর পেয়ে সৈয়দপুর, নীলফামারী ও উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উপস্থিত হয়। সম্মিলিত প্রচেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যেই ১৬টি বাড়ির সর্বস্ব পুড়ে যায়। এতে আসবাবপত্র, স্বর্ণালংকার, গবাদি পশু, ইলেকট্রনিক্স জিনিস, ধান-চাল, সেলাই মেশিন, মোটরসাইকেল, বাইসাইকেল, ভ্যান, পোশাক, শিক্ষার্থীদের বইপত্র ও সার্টিফিকেটসহ নগদ ৫ লাখ টাকা ভস্মীভূত হয়।