বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশে যারা ধর্ষণ, অত্যাচার, অবিচারের সঙ্গে যুক্ত রয়েছে তারা এই সরকারের আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে। এ কারণেই তারা আরো বেশি অপকর্ম করতে উত্সাহিত হচ্ছে। বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তা সভ্য সমাজে কল্পনা করা যায় না। এই অবস্থার দায় নিতে হবে সরকারকে। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ধর্ষণবিরোধী এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়ার জন্য সমাবেশে সরকারকে দায়ী করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা দুষ্কর্ম করছে, অনাচার করছে তাদের পৃষ্ঠপোষক এই সরকার। আজকে প্রত্যেকটি ঘটনার সঙ্গে সরকারের অঙ্গসংগঠনের জড়িতদের নাম প্রতিদিন পত্রিকায় আসছে। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় মহিলা দলের নেওয়াজ হালিমা আরলি, নিলোফার চৌধুরী মনি, শাম্মী আখতার, অপর্ণা রায় প্রমুখ বক্তব্য দেন।