সর্বশেষ করোনা আক্রান্ত একজন রোগী করোনা মুক্ত হওয়া এবং আর কোনো করোনা আক্রান্ত রোগী না থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াকে শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে আপাতত করোনা মুক্ত ঘোষণা করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাতিয়া উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় সাত লাখ লোকের বসবাস।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নিজাম উদ্দিন মিজান জানান, এ পর্যন্ত হাতিয়াতে ৭২২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১২২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। সর্বশেষ ৯ অক্টোবর হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের জাকির হোসেন নামে করোনা আক্রান্ত একজনের ১৫ দিন পরে ফলাফল নেগেটিভ আসায় এবং আর কোনো রোগী না থাকায় এ ঘোষণা দেওয়া হয়।
ইতিপূর্বে করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপজেলার তমরদ্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ব্যাংক কর্মকর্তা এবিএম নোমান। এই উপজেলা করোনা আক্রান্ত হয়ে এটাই একমাত্র মৃত্যু।
হাতিয়াতে মূলত প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার নমুনা সংগ্রহ করা হয়। এই নমুনা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। যার ফলাফল পাওয়া যায় দুইদিন পর। এই ধারা এখনও অব্যাহত রয়েছে। এছাড়া স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদাউস ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীরদের জন্য তৈরি করা হয়েছে ২০ শয্যার বিশেষায়িত আইসোলেশন ইউনিট।
এদিকে করোনা মুক্ত ঘোষণার দিন শনিবার তিনজনের করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
ইত্তেফাক/এসি