ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরের স্বাক্ষর জাল করে প্রতারণার অভিযোগে দুইজন গ্রেফতার করেছেন পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার যদুনন্দী ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই ব্যক্তি স্বাক্ষর জাল করে গৃহহীনদের সরকারি টাকায় ঘরে করে দেওয়ার নামে বহু টাকা হাতিয়ে নিয়েছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, মাওলানা মেজবাহ উদ্দিন ও তার ভাই ফারহাদ শেখ। তারা উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষনদী গ্রামের বাসিন্দা।
সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর জানান, ৭-৮ মাস আগে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে ঘর তৈরি করে দেওয়ার কথা বলে বল্লভদী ইউনিয়নের ১৪-১৫ ব্যক্তির কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার করে টাকা হাতিয়ে নেয় মাওলানা মেজবাহ উদ্দীন ও তার ভাই ফারহাদ শেখ। কিন্তু পরে ওই ব্যক্তিদের ঘর তৈরি করে না দিয়ে নানা ধরণের তালবাহানা শুরু করেন। একপর্যায় ভুক্তভোগীদের চাপে তাদের শান্তনা দিতে উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ঘর রবাদ্দের ভুয়া কাগজপত্র দেখান ওই দুইজন। বিষয়টি তিনি জানতে পেরে ইউএনও ও ওসিকে অবগত করেন।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় প্রতরণার মামলা করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।
ইত্তেফাক/এসি