খুলনার মশিয়ালী গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের মূলহোতা বহিস্কৃত আওয়ামী লীগ নেতা মিল্টন শেখ, তার ভাই জাকারিয়া ও এজাহারভুক্ত আরেক আসামি রেজওয়ান শেখ রাজুকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ।
শনিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হলে বিচারক মো. শহীদুল ইসলাম পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর এনামুল হক এ তথ্য জানিয়েছেন। এর আগে গত শুক্রবার (৯ অক্টোবর) সকালে তাদের ঢাকার মিরপুর এলাকার একটি বহুতল ভবন থেকে গ্রেফতার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান জানান, পুলিশ সার্বক্ষণিকভাবে পলাতক এসব আসামিকে পর্যবেক্ষণে রেখেছিল। এই হত্যা মামলায় এ পর্যন্ত ২২ আসামির মধ্যে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ছয়জন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গত ১৬ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে মুজিবর নামে মশিয়ালী গ্রামের এক ব্যক্তিকে অস্ত্রসহ খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক জাকারিয়া হাসান এবং তার ভাই জাফরিন ও মিল্টন পুলিশের হাতে ধরিয়ে দেয়। এ ঘটনায় গ্রামের বেশ কয়েকজন জাকারিয়ার বাড়িতে গিয়ে গ্রেফতার করানোর কারণ জানতে চায়। এ সময় জাকারিয়ার সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাকারিয়া, জাফরিন ও মিল্টন তাদের ওপর অতর্কিত গুলিবর্ষণ করে। গুলিতে মশিয়ালী মো. নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম নিহত হয়। অপরদিকে, বিক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে সন্ত্রাসী জাকারিয়া বাহিনীর সদস্য ও জাকারিয়ার চাচাতো ভাই জিহাদ শেখ মারা যায়। এ ঘটনার পর খানজাহান আলী থানা আওয়ামী লীগ থেকে জাকারিয়াকে বহিস্কার করা হয়।
ইত্তেফাক/এসি