জয়পুরহাটের কালাই পৌরসভার উপনির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল ‘নৌকা’ প্রতীক নিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ৭ হাজার ৫৬১ ভোট। তার নিকটতম জেলা বিএনপির সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মো. আনিছুর রহমান তালুকদার ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৬০৬ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী মো. মামুনুর রশিদ ‘নারিকেল গাছ’ প্রতীক তৃতীয় স্থান হয়েছেন। তিনি পেয়েছেন ৯৬ ভোট। আরো পড়ুন : তীব্র স্রোতে পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ স্থগিত, রবিবার ফের শুরু
শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কালাই উপজেলা পরিষদ হল রুম থেকে জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো.শহিদুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম বলেন, কালাই পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে একটানা বিকাল ৫টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ইভিএমে মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। এই পৌরসভার মোট ১৩ হাজার ৫২১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮ হাজার ২৬৩ জন। ভোট প্রদানের হার ৬১.১১ শতাংশ।
ইত্তেফাক/ইউবি