নরসিংদীর সীমানা সংলগ্ন পাশের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার সীমানা থেকে শুরু হওয়া শাখা নদ পুরাতন ব্রহ্মপুত্রের দুই প্রান্তে অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। এর মধ্যে আড়াইহাজার সীমানা থেকে মাধবদী পর্যন্ত তিন কিলোমিটার অবৈধ দখল মুক্ত করা হয়েছে এবং মাধবদী থেকে শেখেরচর পর্যন্ত ২ দিুইলোমিটার অবৈধ দখল মুক্ত করার কাজ চলছে। প্রাণ ফিরে পাচ্ছে নরসিংদীর পুরাতন ব্রহ্মপুত্র নদ।
নরসিংদীতে নদ-নদী ও সরকারি সম্পত্তি রক্ষায় নরসিংদী জেলা প্রশাসন ধারাবাহিকভাবে প্রথম দফায় ২০১৯ সালের ২৩ ডিসেম্বর অবৈধ দখল হওয়া নদ-নদী উদ্ধার অভিযান শুরু করে। ব্রহ্মপুত্র নদের পাঁচ কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে ১৫৭ জন অবৈধ দখলদার ২৫৬ টি স্থাপনা তৈরি করেছিল। এক তলা থেকে ১৩ তলা বিশিষ্ট এ অবৈধ স্থাপনাগুলো অপসারণ করতে স্থানীয় প্রশাসনকে হিমসিম খেতে হয়েছে। এরই মধ্যে শুধু মাধবদী বাজার এলাকাতেই ছোট-বড় মিলিয়ে একশটি ভবন ছিল।
এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুতকরণের কাজ শুরু করে সেনাবাহিনী, স্থানীয় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। তালিকা অনুযায়ী অবৈধ দখলদারকে দখল ছাড়ার জন্য নোটিশ করা হলে ২০১৯ সালে ১৫৭ জন অবৈধ দখলকারীর মধ্যে ১০৬ জন তাদের স্থাপনা সরিয়ে নেয়। বাকি ৫১ জন অবৈধ দাখলদারকে উচ্ছেদ করার জন্য ২০১৯ সালের ২৩ ডিসেম্বর থেকে কাজ শুরু করে ২৪ ইঞ্জিনিয়ারিং কোরের সেনা সদস্য ও জেলা প্রশাসন। এতে মাধবদী বাজার এলাকায় সাতশ মিটার দীর্ঘ নদী অবমুক্তকরণ কাজ সম্পন্ন হয়।
বর্তমানে দ্বিতীয় পর্যায়ে শেখেরচর ও শীলমান্দী এলাকায় উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। নদ-নদী, খাল-ছড়াসহ প্রাকৃতিক জলাশয় উদ্ধারে সারা দেশে একযোগে অবৈধ দখলদার উচ্ছেদের অংশ হিসেবে নরসিংদীতে অভিযান শুরু করা হয়।
নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া জানান, নদ-নদী, খাল-ছড়াসহ অন্য সরকারি জলাধারের তীর দখলদারদের তালিকা তৈরি করে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। আমরা দ্বিতীয় পর্যায়ে মাধবদীর শেকেরচর এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদ সার্ভে কার্যক্রম শুরু করেছি। এখানে নদীর ওপরে যেসব অবৈধ স্থাপনা আছে সেগুলো আমরা চিহ্নিত করছি। সিএস পর্চা মোতাবেক নদের যে প্রস্থ রয়েছে, সেটা আমরা বের করতে সক্ষম হয়েছি।
সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কোর এর সেনা কর্মকর্তা লে. কর্নেল কিসমত হায়াত জানান, প্রকৃতপক্ষে পুরাতন ব্রহ্মপুত্র একটি শাখা নদ। উহা নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ হয়ে মূল ব্র্হ্মপুত্রে মিলিত হয়েছে। এ নদটির ঐতিহ্য নষ্ট করেছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য পদার্থে। আমরা সরকারের নির্দেশনা মোতোবেক দেশব্যাপী নদ-নদী উদ্ধার কাজের অংশ হিসেবে নরসিংদীতেও পুরাতন ব্রহ্মপুত্র নদ উদ্ধারের কাজ করে যাচ্ছি।
নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, সরকারি নির্দেশনায় নদীর উভয় তীরে অবৈধ স্থাপন উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নে প্রশাসন কাজ করে যাচ্ছে।
ইত্তেফাক/এসি