শেরপুর (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার শেরপুরে ছোনকা বাজার এলাকায় হোটেল থেকে এক কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত আবদুস সালাম তাড়াশ ধাপতেতুলিয়া এলাকার বয়তুল্লাহ প্রাংয়ের ছেলে। শনিবার সকালে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজারে রাজবাড়ী মিষ্টান্ন ভাণ্ডার হোটেল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার রাতে সালামসহ আরো ছয় জন কর্মচারী হোটেলে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে সবাই উঠে কিন্তু সালামের সাড়া না পেয়ে সহকর্মীরা তাকে ডাকতে গিয়ে মৃত অবস্থায় পায়। এ ব্যাপারে নিহতের বড় ভাই সাইফুল ইসলাম জানান, সালামের হার্টের সমস্যা ছিল। শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, হোটেলে থাকা সিসি ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়েছি এটা স্বাভাবিক মৃত্যু। তাই লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।