কুষ্টিয়া প্রতিনিধি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার ভোরে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের ভবানীপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী বাদশা ও রাশিদুল পক্ষের লোকজনদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে জিয়ারখী ইউনিয়নের রাশিদুল ও বাদশা গ্রুপের লোকজন ভোর ৬টার দিকে দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। সংঘর্ষে ফরিদ হোসেন গুরুতর জখম হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
কুষ্টিয়া মডেল থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।