বোরহানউদ্দিনে স্কুলছাত্রীকে গণধর্ষণ গ্রেফতার ২

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

বোরহানউদ্দিনে এক স্কুলছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগে সফিকুল ইসলাম ও মো. নাগর মালকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে তাদেরকে উপজেলার দেউলা ইউনিয়নের ঝিটকা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

সফিকুল ইসলাম শফিক ঢালী লালমোহন উপজেলার কলমা ২ নম্বর ওয়ার্ডের লাল মিয়া ঢালীর ছেলে এবং মো. নাগর মাল একই উপজেলার চরলক্ষ্মী ৯ নম্বর ওয়ার্ডের হাবু উল্লাহ মালের ছেলে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন জানান, গ্রেফতারকৃত দুই যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্কুলছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের কথা স্বীকার করেছে। এই ঘটনায় স্কুলছাত্রীর মায়ের এজাহারের পরিপ্রেক্ষিতে স্থানীয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়।