সম্পৃক্ত হচ্ছেন জেলা প্রশাসকরাও
ইত্তেফাক রিপোর্ট
করোনা মহামারি পরিস্থিতিতে এসএমইসহ সকল খাতের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়নে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম। গত শুক্রবার সিলেট বিভাগের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও অঞ্চল প্রধানদের সঙ্গে কোভিড-১৯ পরিস্থিতিতে প্রণোদনা প্যাকেজ ও এসএমই কার্যক্রম বাস্তবায়নসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই নির্দেশ দেন সচিব। হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত ঐ সভায় সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, রূপালী ব্যাংকের পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ। হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে এ সময় রাষ্ট্রায়ত্ত অন্যান্য ব্যাংকের শীর্ষ নির্বাহীরাও উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক সভায় চলতি অক্টোবর মাসের ৩১ তারিখের মধ্যে সিএমএসএমই খাতে প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ করার উদ্যোগ নেওয়া হয়। সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ সভায় সিএমএসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা পূরণে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
হবিগঞ্জের ঐ মতবিনিময় সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল আওয়াল, রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের জিএম খান ইকবাল হোসেন, সিলেট বিভাগীয় কার্যালয়ের জিএম ফয়েজ আলমসহ বিভিন্ন ব্যাংকের নির্বাহী কর্মকর্তাগণ সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়ন, অগ্রগতি এবং বিদ্যমান সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। সভায় সঠিক সময়ে সঠিক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রণোদনা প্রদান নিশ্চিত করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়। কর্মকর্তারাও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।