ইত্তেফাক রিপোর্ট
তিন মাস ধরে টানা দাম বাড়ার পর গত সপ্তাহে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে নিটল ইনসিওরেন্স। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহ জুড়েই দাম কমেছে। অথচ গত সপ্তাহের আগে টানা তিন মাস কোম্পানিটির শেয়ার দাম বাড়ে। এতে প্রতিটি শেয়ারের দাম বেড়ে প্রায় চার গুণ হয়। এদিকে গত সপ্তাহে দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। এতে সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৪১ লাখ ৮২ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৮ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার টাকা।
অপরদিকে শেয়ারের দাম কমেছে ১৬ দশমিক শূন্য ২ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ১১ টাকা ৬০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৬০ টাকা ৮০ পয়সা, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ৭২ টাকা ৪০ পয়সা।
গত সপ্তাহে দাম কমলেও তার আগে প্রায় তিন মাস কোম্পানিটির শেয়ার দাম টানা বাড়ে। গত ১২ জুলাই কোম্পানিটির শেয়ার দাম ছিল ২১ টাকা ৮০ পয়সা। সেখান থেকে বাড়তে বাড়তে প্রতিটি শেয়ার দাম ৭৩ টাকা ৮০ পয়সায় উঠে।
অর্থাত্ তিন মাসে কোম্পানিটির শেয়ার দাম ২৩৯ শতাংশ বেড়ে যায়। নিটল ইনসিওরেন্সের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল গোল্ডেন সন। সপ্তাহ জুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। এরপরেই রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স। সপ্তাহ জুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১২ দশমিক ৭৯ শতাংশ। এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা—ফ্যাস ফাইন্যান্সের ১১ দশমিক ১১ শতাংশ, ইস্টার্ন ইনসিওরেন্সের ১১ দশমিক ১০ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজ ১০ দশমিক ৭২ শতাংশ, প্রোগ্রেসিভ লাইফ ইনসিওরেন্সের ১০ দশমিক ১২ শতাংশ, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৯ দশমিক ৮৪ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্সের ৯ দশমিক ৬৩ শতাংশ এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৯ দশমিক ৬১ শতাংশ দাম কমেছে।