নুরদের গ্রেফতারের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের শাহবাগ অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর করা ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাময়িক বহিষ্কৃত আহ্বায়ক হাসান আল মামুনসহ অভিযুক্ত সকলকে গ্রেফতারের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। 

শনিবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ শেষে শাহবাগের দিকে পদযাত্রা করেন। পরে বিকেল ৫টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন মঞ্চের নেতা-কর্মীরা। তারা সড়কে অবস্থান নেওয়ায় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ধর্ষণ মামলার আসামি ডাকসুর সাবেক ভিপিসহ সব ধর্ষককে গ্রেফতার, ধর্ষকদের বাঁচানোর জন্য মৌলবাদী অপশক্তির নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ, মুজিব কোটে আগুন দেওয়া, প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো ও কটূক্তিকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা।

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, এমসি কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণের ঘটনাসহ যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সবগুলো ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে। সবাইকে গ্রেফতার করা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বোনকে যে ধর্ষণ করা হয়েছে, তার আসামিদের এখনও গ্রেফতার করা হয়নি। তাদের যতক্ষণ গ্রেফতার না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান গ্রহণ করব।

এদিকে একইদিন জাতীয় জাদুঘরের সামনে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

আরও পড়ুন: ভাসুরের বিরুদ্ধে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

এসময় তারা বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন। সুজনের দাবিগুলো হলো-ধর্ষণসহ সব ধরনের নারী নির্যাতন প্রতিরোধে রাষ্ট্র কর্তৃক যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ, প্রতিটি নারী নির্যাতনের যথোপযুক্ত তদন্তপূর্বক দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, ধর্ষকসহ নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ ও বিচার নিশ্চিত করা, ধর্ষক-নিপীড়ক-নির্যাতনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, ক্ষমতার প্রশ্রয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের অবসান ক্ষমতাসীনদেরই ঘটাতে হবে, ধর্ষকপোষা রাজনীতি অবিলম্বে বন্ধ করা, রাষ্ট্র সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক অধিকারের যথাযথ বাস্তবায়ন করা, প্রাথমিক স্তর থেকেই শিক্ষা পাঠোক্রমে মানবাধিকার ও নৈতিক শিক্ষাকে অন্তর্ভুক্ত করা।

সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-সুজনের কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বিকশিত নারী নেটওয়ার্ক এর সভাপতি অ্যাডভোকেট রাশিদা আক্তার শেলী, ঢাকা মহানগর সুজনের সম্পাদক মো. জুবায়েরুল হক নাহিদ, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এর সম্পাদক নাছিমা আক্তার জলি প্রমুখ।

ইত্তেফাক/এএএম