দাপুটে শুরু নেইমারদের

স্পোর্টস ডেস্ক

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২০২২ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইটা বেশ প্রতাপেই শুরু করল। গতকাল শনিবার বাংলাদেশ সময় সকালে বাছাইপর্বে নিজেদের উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন নেইমাররা।

ব্রাজিল প্রায় এক বছর পর মাঠে নামলেও শুরু থেকেই ছিল বেশ ছন্দে। ১৬ মিনিটে মারকিনিয়োসের গোলে এগিয়ে যাওয়ার পর ৩০ ও ৪৯ মিনিটে রবার্তো ফিরমিনোর জোড়া গোলে চালকের আসনে চলে আসে সেলেসাওরা। এরপর হোসে কারাসকোর আত্মঘাতী গোল আর ফেলিপে কোটিনহোর লক্ষ্যভেদে বড় জয়ই পায় দলটি।

গোল উত্সবের দিনে নেইমার লক্ষ্যভেদ করতে না পারলেও দলের খেলায় বড় অবদানই ছিল তার। নতুন ভূমিকায় অল্পেতেই মানিয়ে নেওয়ায় ম্যাচ শেষে তাই কোচ তিতের প্রশংসাও কুড়িয়েছেন পিএসজি তারকা।

 কোচ তিতের ভাষ্য, ‘নেইমার আজ অনেকটা মাঝামাঝি খেলেছে। যেহেতু প্রতিপক্ষের প্রহরা কঠিন ছিল, তাই নড়াচড়ায় আরো বেশি স্বাধীনতা ছিল তার।’

এদিকে জয়ের অন্য দুই নায়ক কোটিনহো আর ফিরমিনোরও ভূয়সী প্রশংসা করেছেন তিতে। বলেছেন, ‘কোটিনহোও ভেতরে খেলেছে যেখান থেকে ফিরমিনো খুব দূরে ছিল না। ফিরমিনো আজ খুব বেশি বার বল চায়নি, বরং সে অপেক্ষা করছিল। সে দুটো গোল করেছে বটে, আরো দুটো করার সুযোগ ছিল।’

তবে এমন জয়ের পরও ব্রাজিল কোচ জানালেন, আরো উন্নতি চাই তাদের। বললেন, ‘আমরা আরো একতাবদ্ধ হয়ে খেলতে চাই, তার জন্যে জ্ঞান ও কৌশল প্রয়োজন। খেলার চাহিদা অনুযায়ী হয়তো আমরা কৌশল বদলাব না, বরং মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’

বলের দখল ধরে রাখার কৌশলে খেললেও আক্রমণে আরো ধার চান ব্রাজিল কোচ। এ ব্যাপারে তিনি বলেন, ‘বলের দখল ধরে রাখাটা আমাদের একটা বৈশিষ্ট্য। কিন্তু বলের দখল থেকে গোল না করতে পারলে এর কোনো অর্থ নেই।’

আগামী বৃহস্পতিবার নিজেদের পরবর্তী ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে পেরুর। দলটির বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে লড়েছিল তিতের দল। সে ফাইনালের পুনরাবৃত্তিই নিশ্চিতভাবে চাইবেন ব্রাজিল কোচ।

এদিকে দক্ষিণ আমেরিকার বাছাইয়ে আরেক দেশ কলম্বিয়া ৩-০ গোলে হারায় ভেনেজুয়েলাকে। এর মধ্যে প্রথম রাউন্ডের খেলায় জিতে তিন পয়েন্ট করে পেল ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া ও উরুগুয়ে।