ফরাসি ওপেন ফাইনাল
স্পোর্টস ডেস্ক
রাফায়েল নাদালের সামনে হাতছানি ফ্রেঞ্চ ওপেন জয়ের রেকর্ডটা আরেকটু বাড়িয়ে রজার ফেদেরারের ২০ গ্র্যান্ডস্ল্যাম জয়ের কীর্তি ছোঁয়ার। একই যাত্রায় নোভাক জকোভিচের লক্ষ্য রজার ফেদেরার ও নাদালের সঙ্গে গ্র্যান্ডস্ল্যাম ব্যবধান ঘোচানোর। এমন লক্ষ্যকে সামনে রেখে আজ ফরাসি ওপেনের ফাইনালে মুখোমুখি হচ্ছেন নাদাল ও জকোভিচ।
বিশ্ব র্যাংকিংয়ে এক নম্বর জকোভিচকে অবশ্য ফাইনালে আসার আগে বেশ কঠিন এক ম্যাচ জিতে আসতে হয়েছে। পঞ্চম বাছাই স্টেফানোস সিটসিপাসের বিপক্ষে গত শুক্রবার রাতে শুরুর দুই সেট অনায়াসেই জেতেন ‘জোকার’। এরপরই সিটসিপাস দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন। গ্রিকটি দুটো ম্যাচ পয়েন্ট ঠেকিয়ে ৭-৫ ব্যবধানে জিতে নেন তৃতীয় সেট, ৬-৪ ব্যবধানে জিতেন পরের সেটেও। শেষ সেটে অবশ্য জকোভিচ তাকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দেন। সব মিলিয়ে ৬-৩, ৬-২, ৫-৭, ৪-৬, ৬-১ গেমে জিতে নেন সেমিফাইনালটি।
নাদালকে অবশ্য অতো কাঠখড় পোড়াতে হয়নি আদৌ। দিয়েগো শোয়ার্টজম্যানের বিপক্ষে ৬-৩, ৬-৩, ৭-৬ গেমে জিতে ১৩তম বারের মতো ফাইনালে পা রেখেছেন তিনি। এ জয়টি ছিল আবার নাদালের ক্যারিয়ারের ৯৯তম ফরাসি ওপেন ম্যাচে জয়!
ইতিহাসে রেকর্ড সংখ্যক ফরাসি ওপেন জয়ী নাদালের মুখোমুখি হওয়া যে মোটেও সহজ কাজ হবে না তা আঁচ করতে পারছেন জকোভিচ। তারপরও নাদালকে হারানোর ব্যাপারে আশাবাদী বিশ্বসেরা এই টেনিস তারকা, ‘এটা রাফার ঘর। জয়ের অনুপ্রেরণাটা আছে আমার। কারণ ২০১৫-এর কোয়ার্টার ফাইনালে তাকে হারিয়েছিলাম আমি। কিন্তু এটা অনেক বড় চ্যালেঞ্জ।’
চ্যালেঞ্জ তো বটেই! শেষ ১৫ বছরে যে ফরাসি ওপেনের ফাইনালে কেউই হারাতে পারেনি নাদালকে! স্প্যানিশ তারকাটি এরপরও প্রতিপক্ষকে দেখছেন বেশ সম্মানের চোখেই। জানালেন, জকোভিচই তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ! নাদালের ভাষ্য, ‘আমি মনে করি, আমার খেলা সবচেয়ে কঠিন প্রতিপক্ষদের মধ্যে একজন নোভাক।’
ফাইনালের আগে এগিয়ে নাদালই। চলতি আসরের ঠাসবুনটের সূচিতে একটি সেটও হারেননি তিনি। এদিকে জকোভিচ শেষ দুই ম্যাচেই বাড়তি সেট খেলেছেন তিনটি। বাড়তি সেট না খেলায় বাড়তি অবসাদ থেকে বাঁচিয়ে দিয়েছে নাদালকে। ফাইনালের আগে যা এগিয়ে রাখবে তাকেই।