মাগুরা প্রতিনিধি
গতকাল শনিবার বিকালে মাগুরার শ্রীপুর উপজেলার গড়াই নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মরহুম জননেতা আছাদুজ্জামান স্মৃতি বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নির্মল বিনোদনের জন্য নদীতীরে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ এই নৌকা বাইচ উপভোগ করেন।
জানা গেছে, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গড়াই নদীতে এ বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাইচ প্রতিযোগিতায় ১৩টি নৌকা অংশ নেয়। দুপুর থেকে বাইচ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার মানুষ গড়াই নদীর দুই তীরে সমবেত হতে থাকেন।
প্রতিযোগিতায় মাগুরার গয়েশপুরের নৌকা প্রথম, ফরিদপুরের কামারখালীর নৌকা দ্বিতীয়, মাগুরার কুছন্দি গ্রামের নৌকা তৃতীয় স্থান লাভ করে।
বাইচ শেষে সন্ধ্যায় নদীতীরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুল আলম, জেলা আওয়ামী লীগ সভাপতি এ এফ এম আব্দুল ফাত্তাহ, অতিরিক্ত পুলিশ সুপার প্রমুখ। নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশীদ মুহিতের নেতৃত্বে আন্তঃ ইউনিয়ন বাইচ কমিটি এ বাইচের আয়োজন করে। আয়োজকরা জানান, আগামী বছর থেকে প্রতিবছর ১০ অক্টোবর এ বাইচের আয়োজন করা হবে।