এরই মধ্যে তিন কিলোমিটার দখল মুক্ত
নিবারণ রায়, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর সীমানা সংলগ্ন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থেকে শুরু হওয়া শাখা নদ পুরাতন ব্রহ্মপুত্রের দুই প্রান্তে অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। এরমধ্যে আড়াইহাজার সীমানা থেকে মাধবদী পর্যন্ত তিন কিলোমিটার অবৈধ দখল মুক্ত করা হয়েছে এবং মাধবদী থেকে শেখেরচর পর্যন্ত দুই কিলোমিটার অবৈধ দখল মুক্ত করার কাজ চলছে। এতে করে প্রাণ ফিরে পাচ্ছে নরসিংদীর পুরাতন ব্রহ্মপুত্র নদ।
নরসিংদী জেলা প্রশাসন প্রথম দফায় ২০১৯ সালের ডিসেম্বরে নদ-নদী উদ্ধার অভিযান শুরু করে। নদের পাঁচ কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে ১৫৭ জন অবৈধ দখলদার ২৫৬টি স্থাপনা তৈরি করেছিল। এক তলা থেকে ১৩ তলা বিশিষ্ট এ অবৈধ স্থাপনাগুলো অপসারণ করতে স্থানীয় প্রশাসনকে হিমসিম খেতে হয়েছে। শুধু মাধবদী বাজার এলাকাতেই ছোট-বড় মিলিয়ে ১০০টি ভবন ছিল।
এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুতকরণের কাজ শুরু করে সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। তালিকা অনুযায়ী অবৈধ দখলদারকে দখল ছাড়ার জন্য নোটিশ করা হলে ২০১৯ সালে ১৫৭ জন অবৈধ দখলকারীর মধ্যে ১০৬ জন নিজেরাই তাদের স্থাপনা সরিয়ে নেয়। বাকি ৫১ জন অবৈধ দাখলদারকে উচ্ছেদ করার জন্য কাজ শুরু করে ২৪ ইঞ্জিনিয়ারিং কোরের সেনা সদস্য ও জেলা প্রশাসন।
বর্তমানে দ্বিতীয় পর্যায়ে শেখেরচর ও শীলমান্দী এলাকায় উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। নদ-নদী, খাল-ছড়াসহ প্রাকৃতিক জলাশয় উদ্ধারে সারা দেশে একযোগে অবৈধ দখলদার উচ্ছেদের অংশ হিসেবে নরসিংদীতে অভিযান শুরু করা হয়। নদী সংস্কারের ফলে নদের প্রশস্ততা বৃদ্ধি পাবে। আগের মতো নৌপথে কম খরচে ব্যবসায়িগণ মালামাল পরিবহনে যেমন সুযোগ পাবেন, তেমনি পরিবেশ হবে দূষণ মুক্ত। নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া জানান, শেখেরচর এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদ সার্ভে কার্যক্রম শুরু করেছি। এখানে নদীর ওপরে যেসব অবৈধ স্থাপনা আছে সেগুলো আমরা চিহ্নিত করছি। সিএস পর্চা মোতাবেক নদের যে প্রস্থ রয়েছে, সেটা আমরা বের করতে সক্ষম হয়েছি।
সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কোরের সেনা কর্মকর্তা লেঃ কর্নেল কিসমত হায়াত জানান, নদটির ঐতিহ্য নষ্ট করেছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বজ্য পদার্থ। আমরা সরকারের নির্দেশনা মোতাবেক দেশব্যাপী নদ-নদী উদ্ধার কাজের অংশ হিসেবে নরসিংদীতেও পুরাতন ব্রহ্মপুত্র নদ উদ্ধারের কাজ করে যাচ্ছি। মাধবদী পৌরসভার মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক জানান, পুরাতন ব্রহ্মপুত্র নদ উদ্ধারের পর নদের দুই ধারে মানুষের চলাচলের জন্য দৃষ্টিনন্দন সড়ক ও পার্ক নির্মাণ করা হবে। যার ফলে মাধবদী মডেল শহরে পরিণত হবে।