ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিমের পুত্র ও সিরাজগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেছেন, আমার আব্বার (মোহাম্মদ নাসিম) জন্য দোয়া করবেন। আমার দাদার (জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী) মতোই উনি সারাজীবন শুধু মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সাবেক সমন্বয়ক প্রয়াত মোহাম্মদ নাসিমের স্মরণে ‘ভবিষ্যত্ কাজীপুর বিনির্মাণে পেশাজীবীদের দায়িত্ব’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ৯৫ ফাউন্ডেশন, কাজীপুর। ঢাকায় বসবাসকারী কাজীপুরের বিভিন্ন পেশাজীবীগণ এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ৯৫ ফাউন্ডেশন, কাজীপুরের সভাপতি প্রকৌশলী মো. আবু রায়হান। ৯৫ ফাউন্ডেশন, কাজীপুরের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল নোমান অনুষ্ঠান সঞ্চালনা করেন।