সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের সাতকানিয়া থানাপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী ও ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ নিয়ে দুই জনসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ সময় ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে জব্দ করা হয় একটি মোটরসাইকেল। ইয়াবাগুলোর বাজার মূল্য ৩৯ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছেন। গত ৯ অক্টোবর শুক্রবার রাতে উপজেলার কেরানীহাট ও বাজালিয়া এলাকা থেকে ইয়াবা, মদ ও মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, গত শুক্রবার রাতে কক্সবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে ইয়াবা বহন করে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল এক যুবক। এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার সহকারী উপ-পরিদর্শক জিহাদ আলী ও মো. আরিফের নেতৃত্বে পুলিশ ফোর্স উপজেলার কেরানীহাট চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গণি মার্কেট এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর বাদামতল এলাকার আবদুল মোনাফের ছেলে মোজাহারুল হোসেন রুবেলকে (২৮) আটক করে। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে, একই দিন শুক্রবার রাতে উপজেলার বাজালিয়ার বড়দুয়ার ফরেস্ট অফিসের দক্ষিণ পার্শ্বে জসিম সওদাগরের বাড়ির সামনে থেকে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।