ইত্তেফাক রিপোর্ট
প্যানেল বোর্ডে একাধিকবার প্রথম স্থান অধিকার করার পরও নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগ পাননি বলে অভিযোগ করেছেন রফিকুল ইসলাম নামে এক ভুক্তভোগী। গতকাল শনিবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ১০ নম্বর ওয়ার্ডে নিকাহ রেজিস্ট্রার বা কাজী নিয়োগের প্রয়োজন দেখা দিলে রফিকুল ইসলামসহ অন্যরা কাজী হিসাবে নিয়োগ পাওয়ার জন্য আবেদন করেন। ২০১৮ সালের ৫ মে ঢাকা জেলা রেজিস্ট্রার অফিসকে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের জন্য প্যানেল তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী নিয়োগ কমিটির উপদেষ্টারা যাচাইবাছাই করে তিন জন প্রার্থীকে প্যানেলভুক্ত করেন।
ঐ তালিকায় নাজমুল হকের নাম ছিল না। ঐ প্যানেলে প্রথম হন রফিকুল ইসলাম। অথচ একটি কুচক্রী মহল তাকে নিয়োগ না দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বহিরাগত নাজমুল হককে নিয়োগ দেন। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য এবং ওয়ার্ড কমিশনার পৃথকভাবে মন্ত্রণালয়কে অবহিত করেন যে, নিয়োগ পাওয়া ব্যক্তি ঐ এলাকার বাসিন্দা বা ভোটার নন। পরবর্তীতে ঐ চক্রের সদস্যরা তার বিরুদ্ধে একে একে পাঁচটি মামলা দায়ের করে। যার প্রত্যেকটি মামলা খারিজ করে রফিকুলের অনুকূলে রায় দেন আদালত। এই অবস্থায় অনিয়মের নিয়োগ বাতিল করে তদস্থলে তাকে নিয়োগ দিতে আইনমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।