নারী ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সম্মিলিত সাংস্কৃতিক জোট গতকাল শনিবার দেশ জুড়ে প্রতিবাদী সমাবেশের আয়োজন করে। নেতৃবৃন্দ বলেন, ধর্ষক ও নারী নির্যাতনকারীদের পারিবারিকভাবে, সামাজিকভাবে চিহ্নিত করতে হবে এবং আইনগতভাবে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ টেনে সমাবেশ থেকে বলা হয়, দ্রুততার সঙ্গে শাস্তি নিশ্চিত করতে পারলে সমাজ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন কমে যাবে। দেশের বিভিন্ন জেলায় আয়োজিত এসব সমাবেশ থেকে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলবার আহ্বান জানানো হয়। দেশের ৫০ জেলায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজধানীতে কেন্দ্রীয় শহিদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সাংবাদিক আবেদ খান, প্রকৌশলী আতাউল মাহমুদ, অভিনেতা নাদের চৌধুরী, চারুশিল্পী সংসদের সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী, অভিনেত্রী ত্রপা মজুমদার, উদীচী শিল্পী গোষ্ঠীর সঙ্গীতা ইমাম, আবৃত্তি শিল্পী শিরীন ইসলাম, ঝর্ণা আলমগীর, সাফিয়া খন্দকার রেখা, প্রজন্ম ৭১-এর এস এম শাহীন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। সঞ্চালনা করেন পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস। প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে আগামী শনিবার থেকে প্রতি সপ্তাহে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিবাদ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ধর্ষকদের বিচার দ্রুত বিচার আইনে করতে হবে। হাসান আরিফ সংস্কৃতি কর্মীদের শিল্পের শক্তি দিয়ে ধর্ষক ও দুর্বৃত্তদের প্রতিরোধ করার আহ্বান জানান।