নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে এক গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছে। সাভারে এক যুবককে অপহরণের পর মুক্তিপণ আদায়ের সময় র্যাবের হাতে গ্রেফতার হয়েছে কিশোর গ্যাংয়ের তিন সদস্য। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জেও একই কায়দায় অপহরণের পর মুক্তিপণ আদায় করতে গিয়ে গ্রেফতার হয়েছে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য। এ দিকে চট্টগ্রামের পটিয়ায় কিশোর গ্যাংয়ের হাত থেকে বাঁচার আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন এক কৃষক। ইত্তেফাক রিপোর্ট, স্টাফ রিপোর্টার ও সংবাদদাতাদের পাঠানো খবর।
ইত্তেফাক রিপোর্ট: সাভারে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় অপহূত যুবক হূদয়কে (১৮) উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে পৌর এলাকার আনন্দপুর সিটিলেন এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার ও তিন জনকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪-এর সদস্যরা। আটককৃতরা হলো—মুসা কাজী (১৯), জাহিদ হাসান (১৯) ও আশিক হোসেন (১৮)। তারা সবাই কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত। উদ্ধার হওয়া হূদয় মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার মাচাইন গ্রামের হাসেন আলীর ছেলে। আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: ফতুল্লার ইসদাইরে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নাঈম (২২) নামের এক গার্মেন্ট শ্রমিক মারা গেছে। আহত হয়েছে আরো তিন জন। পুলিশ এ ঘটনায় দুই জনকে আটক করেছে। গত শুক্রবার রাতে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকাতে ঐ ঘটনায় ঘটে। নিহত নাঈম ঐ এলাকার মৃত খলিল মিয়ার ছেলে। আহতদের এক জন লিমন। সে নিহত নাঈমের বন্ধু। ফতুল্লা মডেল থানার এসআই নূর মোহাম্মদ জানান, হূদয় ও হাবিব নামের দুই জনকে আটক করা হয়েছে।
এ দিকে ফতুল্লার চাঁদমারী মাউরাপট্টি সেকশনমাঠ এলাকায় অভিযান চালিয়ে এক অপহূতকে উদ্ধার এবং অপহরণকারী চক্র কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১-এর একটি দল। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় র্যাব।
অপহরণকারী কিশোর গ্যাং সদস্যরা এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস ও জনমনে ভয়ভীতি সৃষ্টি করে আসছিল। এ ছাড়া ৮ অক্টোবর এক কিশোরকে অপহরণ করে তার মায়ের কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগও রয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে। গ্রেফতারকৃতরা হলো- চাঁদমারী এলাকার মো. রাসেল মিয়া ওরফে রাসেল (১৮), মো. জালাল (১৮), মো. আমিনুল ইসলাম (২৩), মো. জনি ওরফে শফিকুল ইসলাম (১৮), মো. জাকির হোসেন ওরফে জাকির (১৮), মো. আনোয়ার (১৮), মো. জুয়েল রানা (২২), মো. আবু নাঈম (১৮), মো. ফেরদৌস ইসলাম (১৮), মো. আব্দুল্লাহ ওরফে শুভ (২৪) ও মো. সাইফুল ইসলাম ওরফে শান্ত (১৮)।
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা: কিশোর গ্যাং ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রামের পটিয়ায় নুরুল আমিন নামের এক কৃষক সংবাদ সম্মেলন করেছেন। শনিবার সকালে পটিয়ার স্থানীয় একটি রেস্তোরাঁয় কর্ণফুলী উপজেলার কৃষক নুরুল আমিন জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান।
ঐ কৃষক অভিযোগ করেন, কিশোর গ্যাং লিডার আহমদ হোসেন ও এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের ভয়ে কৃষকের পরিবার বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন। কিশোর গ্যাং ও সন্ত্রাসীরা প্রতিদিন শিকলবাহা এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। ঐ এলাকায় প্রায় প্রতিদিন চলে জায়গা দখল-বেদখল, হুমকিধমকি, চাঁদাবাজি, ছিনতাইয়ের মতো ঘটনা। কৃষকের ভাই নুরুল হকের ছত্রছায়ায় এসব কিশোর গ্যাং ও সন্ত্রাসীরা অপকর্ম করে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।