চারঘাটে দুই দিনের ব্যবধানে দুই ভ্যানচালক খুন

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর চারঘাটে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই ভ্যানচালক খুন হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার সরদহ ইউনিয়নে বালিয়াডাঙ্গা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ভ্যানচালক খুন হয়েছে। নিহত ঐ ভ্যানচালক উপজেলার মেরামতপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে জালাল উদ্দীন (৬০)।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ভ্যানচালক জালাল উদ্দীন প্রতিদিনের মতো শুক্রবার বিকালে বাড়ি থেকে ভাড়ার উদ্দেশ্যে ভ্যান নিয়ে বের হয়ে যান। এরপর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সরদহ ইউনিয়নের সরদহ-ঝিকরা রাস্তায় বালিয়াডাঙ্গা নামক স্থানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়। আহত ব্যক্তির চিত্কার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চারঘাট মডেল থানা পুলিশ সংবাদ পেয়ে নিহতের লাশ থানায় নিয়ে যায়। এব্যাপারে নিহতের ছেলে মানিক (২৮) বাদী হয়ে চারঘাট মডেল থানায় অজ্ঞাতনামা একটি হত্যা মামলা দায়ের করে। এর আগে গত বুধবার দিনগত রাতে উপজেলার ইউসুফপুর এলাকার সিপাইপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাজদার রহমান নামে এক ভ্যানচালক খুন হয়। পরপর দুই ভ্যানচালক খুন হলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। তবে ওসি সমিত কুমার কুন্ডু বলেন, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন করে আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।