নাটোর প্রতিনিধি
নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় এক প্রতিবন্ধী শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বাড়িটি ঘেরাও করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় জনরোষ এড়াতে অভিযুক্ত পুলিশ সদস্য হাবিবুর রহমান, তার স্ত্রী শাহানাজ পারভীন ও শ্যালক মাহফুজুর রহমান পুলিশ ভ্যানে উঠে আত্মরক্ষা করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শহরের বড়হরিশপুর চেয়ারম্যানপাড়া এলাকায় ক্রিকেট খেলছিল এলাকার কিছু শিশু। এক পর্যায়ে বল চলে যায় ঐ পুলিশ সদস্যের বাড়িতে। এ সময় বাক্প্রতিবন্ধী শিশু জাবেদ হোসেন বল আনতে ঐ বাড়িতে ঢুকলে তাকে বেঁধে নির্যাতন চালায় ঐ পরিবার।
বিষয়টি টের পেয়ে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে বাড়িটি ঘেরাও করে। শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগে হাবিবুর রহমানকেও লাঞ্ছিত করে স্থানীয় জনতা। হাবিবুর রহমানের দাবি শিশু জাবেদকে বেঁধে রাখা হয়েছিল, মারা হয়নি। সেখানে থাকা পুলিশের কেউ এ ব্যাপারে কথা বলেননি।