দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন এবং চট্টগ্রাম বিভাগে চার জন রয়েছেন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৮ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ২৩৭ জন এবং নারী ১ হাজার ২৬৩ জন মারা গেছেন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৫০০ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ২ হাজার ৭৯০ জন, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ১১১ জন, রাজশাহী বিভাগে ৩৫৯ জন, খুলনা বিভাগে ৪৪৭ জন, বরিশাল বিভাগে ১৯৩ জন, সিলেট বিভাগে ২৩৫ জন, রংপুর বিভাগে ২৫০ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১৫ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১২০৩ জন। তাদের নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৪৫৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৯টি ল্যাবে ১০ হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২০ লাখ ৬১ হাজার ৫২৮টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ০৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ২৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ২৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।