আমার দেশে কেউ করোনায় আক্রান্ত হয়নি: কিম জং উন

মহামারির মধ্যে মিসাইল প্রদর্শনীসহ বিশাল সামরিক কুচকাওয়াজ করল কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। গতকাল শনিবারের সেই কুচকাওয়াজে উত্তর কোরীয় নেতা বলেছেন, তার দেশের এক জন মানুষও এ পর্যন্ত করোনায় আক্রান্ত হননি। ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার ছুটির দিনে বৃহত্ পরিসরে সামরিক কুচকাওয়াজের এই আয়োজন করা হয়। প্রতিবেশী চীনে প্রাদুর্ভাব শুরুর পর গোটা বিশ্বজুড়ে ছড়িয়েছে মহামারি করোনার সংক্রমণ। বিশ্বের সব দেশ ও অঞ্চলে সংক্রমণ ছড়ালেও কোনো উত্তর কোরিয়া সংক্রমণ নেই বলে দাবি তার।

সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করেই সামরিক শক্তি প্রদর্শনের জন্য                আয়োজিত বিশাল ঐ সামরিক কুচকাওয়াজে কিম জং উন বলেন, ‘এক জন ব্যক্তিও করোনায় আক্রান্ত না হওয়ায়’ তিনি কৃতজ্ঞ। সংক্রমণ রোধে অবশ্য গত জানুয়ারি থেকে বন্ধ রাখা হয়েছে দেশটির সীমান্ত।

তবে উত্তর কোরিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ নেই এমন দাবি বারবার করলেও দেশটির নেতা আবার করোনার বিস্তার ঠেকাতে কর্তৃপক্ষকে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন। —বিবিসি