জিল্লুর রহমান জুয়েল চাঁদপুর পৌরসভার মেয়র নির্বাচিত

চাঁদপুর পৌরসভা নির্বাচনে ৩১ হাজার ২১২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. জিল্লুর রহমান জুয়েল। শনিবার রাতে পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৫২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন চাঁদপুর জেলা নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।

তিনি বলেন, আওয়ামী লীগের নৌকার প্রার্থী মো. জিল্লুর রহমান পেয়েছেন ৩৪ হাজার ৮২৫ ভোট। বিএনপির ধানের শীষের মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি পেয়েছেন ৩ হাজার ৬১৩ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মামুনুর রশিদ বেলাল পেয়েছেন ১ হাজার ২৩৩ ভোট।

উল্লেখ্য, শনিবার পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন তিন জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলেন ৫০ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলেন ১৪ জন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সকল কাউন্সিলর প্রার্থীই বিজয়ী হয়েছেন। ভোটারের মধ্যে পুরুষ ৫৮ হাজার ১৪৪ জন। মহিলা ভোটার ৫৮ হাজার ৩৪৩ জন।