আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে গোলটেবিল আলোচনা

দুর্যোগ ঝুঁকি প্রশমনে ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়নে স্থানীয়দের অভিজ্ঞতা বিবেচনায় আনা অত্যন্ত জরুরি। গতকাল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসকে সামনে রেখে আয়োজিত গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞরা এ মতামত ব্যক্ত করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং উন্নয়ন সহযোগী সংস্থা ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়।

রাজধানীতে দৈনিক যুগান্তর মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বক্তব্য রাখেন এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মো. আতিকুল হক, ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ড. মাহবুবা নাসরিন, আহমদুল হক, ফ্রেন্ডশিপের সিনিয়র ডিরেক্টর কাজী এমদাদুল হক প্রমুখ।