নুরদের গ্রেফতারের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের শাহবাগে সড়ক অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর করা ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাময়িক বহিষ্কৃত আহ্বায়ক হাসান আল মামুনসহ অভিযুক্ত সকলকে গ্রেফতারের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে শাহবাগের দিকে পদযাত্রা করেন। পরে বিকাল ৫টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন মঞ্চের নেতাকর্মীরা। তারা সড়কে অবস্থান নেওয়ায় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ধর্ষণ মামলার আসামি ডাকসুর সাবেক ভিপিসহ সব ধর্ষককে গ্রেফতার, ধর্ষকদের বাঁচানোর জন্য মৌলবাদী অপশক্তির নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ, মুজিব কোটে আগুন দেওয়া, প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো ও কটূক্তিকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা।

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, এমসি কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণের ঘটনাসহ যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সবগুলো ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে। সবাইকে গ্রেফতার করা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বোনকে যে ধর্ষণ করা হয়েছে, তার আসামিদের এখনো গ্রেফতার করা হয়নি। তাদের যতক্ষণ গ্রেফতার না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।

এদিকে একই দিন জাতীয় জাদুঘরের সামনে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।