কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মোল্লাদী এলাকায় সিংগুয়া নদীর ওপর নির্মিত সেতুটির রেলিং ভেঙে এবং পলেস্তরা খসে রড বেরিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঝুঁকি নিয়ে এ সেতু দিয়ে পথচারী এবং যানবাহন চলাচল করছে। সেতুটি যেকোন মূহুর্তে ভেঙে বড়ো দুর্ঘটনার আশঙ্কায় দ্রুত এর পুননির্মানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে, উপজেলার হোসেন্দী বীজ গুদাম থেকে মঠখোলা সড়কের উপর ৫০ বৎসর পূর্বে নির্মিত এ সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ২৬ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের এ সেতুটির একাপাশের রেলিং ভেঙে গেছে। পলেস্তরা খসে পড়ে পাটাতনের রড বেরিয়ে গেছে। বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে ছোট-বড়ো গর্ত। ঝুঁকিপূর্ণ ও জনগুরুত্বপূর্ণ এ সেতু দিয়ে নদীর দুই পাড়ের হাজারো মানুষ ও ছোট-বড়ো যান চলাচল করছে।
আলমদী গ্রামের ওয়াজেদ আলী (২৮) ইত্তেফাককে জানান, মোল্লাদী আলমদী, পাবদা, কাগারচর, মঠখোলা এলাকার হাজারও মানুষের চলাচলের একমাত্র রাস্তার ওপর নির্মিত সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো মূহুর্তে ঘটতে পারে বড়ো ধরনের দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ সেতুটি দ্রুত পুননির্মাণে গত ২৭ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলীর দপ্তরে লিখিত আবেদন দেওয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. হাবিবুল্লাহ ইত্তেফাককে বলেন, সেতুটি পুননির্মাণের জন্য একটি প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসি