নন্দীগ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি আটক

বগুড়ার নন্দীগ্রামে যৌতুকের দাবিতে স্বর্ণ (১৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার চাকলমা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী ও শাশুড়িকে আটক করেছে।

জানা গেছে, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কালিশ গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে স্বর্ণার সঙ্গে একই উপজেলার চাকলমা গ্রামের আব্দুল খালেকের ছেলে খায়রুল ইসলামের ৯ মাস আগে বিয়ে হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের কিছুদিন পর স্বর্ণা তার স্বামীর বাড়িতে ঘর সংসার শুরু করে। কয়েকদিন আগে স্বামীর বাড়ির লোকজন স্বর্ণার পরিবারের নিকট থেকে চার লাখ টাকা যৌতুক দাবি করে।  

রবিবার সকালে স্বর্ণার বাবা মেয়ের বাড়িতে গিয়ে যৌতুকের বিষয়ে আলোচনার জন্য আগামী বুধবার দিন ধার্য করে বাড়ি চলে আসেন। পরে বেলা ১১টার দিকে তাকে ফোন করে জানানো হয় স্বর্ণা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। 

আরো পড়ুন : করোনা ভাইরাস :  আরো ২৪ জনের মৃত্যু, ১১৯৩

এ খবর পেয়ে স্বর্ণার বাবা তার মেয়ের বাড়ি গিয়ে মরদেহ দেখতে পারেন। তার মেয়ের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে বিষয়টি থানা পুলিশকে জানান তিনি। 

আনোয়ার হোসেন জানান, চার লাখ যৌতুকের দাবিতে তার মেয়েকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার চালানো হয়েছে।
 
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবীর জানান, স্বর্ণাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্বামী খায়রুল ও শাশুড়ি নাদিরা বেগমকে আটক করা হয়েছে।


ইত্তেফাক/ইউবি