নগরীর আদাবরে এক পোশাককর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া দুই আসামি হলো- সজীব ঢালী ও আবু হাসান ওরফে সাঈদ। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আলী আসগর স্বপন।
তিনি বলেন, রায় ঘোষণার সময় দণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি আদালতে হাজির ছিল। পরে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া এ মামলায় পলাতক দুই আসামি আকাশ ওরফে মোসলেম এবং আনোয়ার বয়াতীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।
আরো পড়ুন : নেতাকর্মীদের কাছে অপ্রিয় বিএনপি মানুষের কাছে কিভাবে প্রিয় হবে, প্রশ্ন তথ্যমন্ত্রীর
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৭ সালের ২০ জানুয়ারি রাত সাড়ে ৮টায় পোশাক কারখানায় কাজ শেষে বাসায় ফিরছিলেন ওই নারী। রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী হাউজিং প্রকল্পের পানির পাম্পের সামনে পৌঁছালে সজীব ঢালী, আবু হাসানসহ অজ্ঞাত পরিচয় দুজন ছেলে তার গতিরোধ করে টেনে-হিঁচড়ে শান্তা ওয়েস্টার হাউজিং ও আজিম গার্মেন্টসের ফাঁকা মাঠে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় পরের দিন ভিকটিমের মা আদাবর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় মামলা করেন। মামলার পরে পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি মামলাটি তদন্ত করে চারজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ইত্তেফাক/ইউবি