বিনোদন রিপোর্ট
ধর্ষণের প্রতিবাদ নিয়ে তারকারা তাদের মন্তব্য শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। গতকাল বিষয়টি নিয়ে কথা বলতে ভিডিও বর্তা প্রকাশ করেন অনন্ত জলিল। তবে তার বক্তব্যে সমালোচনার ঝড় উঠে। এমনটিক তারকাদের অনেকে তাকে বয়কটের কথাও বলেন। এরমধ্যে রয়েছে মেহের আফরোজ শাওন, শানু, নওশাবাসহ অনেকে। ভিডিওর শুরুতে অনন্ত জলিল ধর্ষকদের উদ্দেশে বলেন, ‘যারা ধর্ষণ করছো, তোমরা অমানুষ। তোমাদের তুই করে বলা উচিত। তোমাদের স্ত্রী কন্যাকে কেউ যদি ধর্ষণ করে কেমন লাগবে তোমাদের? তোমার হয়তো ভালোই লাগবে, না হলে অন্যের মা-বোনকে তো রেপ করতে পারতে না। তোমার যে মনুষ্যত্ব সেটা তো মরে গেছে। তোমাদের কারণে সারা দেশে আন্দোলন হচ্ছে, এতে করে বিঘি্নত হচ্ছে মানুষের জীবনযাপন। জেনে রাখো, তোমাদের জীবনেও একজন নারী আসবে, যদি এখনও বিয়ে না করো।’ এরপর মেয়েদের উদ্দেশে কথা বলেন অনন্ত। বলেন, ‘একজন ভাই হিসেবে তোমাদের কিছু কথা বলতে চাই। তোমরা যারা সিনেমা, টেলিভিশন দেখে তাদের মতো অশালীন কাপড় পরে বের হও, নিজেকে খুব মডার্ন ভাবো? এসব ড্রেসআপ দেখে চেহারার দিকে না তাকিয়ে বখাটেরা তোমার ফিগারের দিকে তাকায়, এরপর বিভিন্ন মন্তব্য করে এবং রেপ করার চিন্তা তাদের মাথায় আসে।’
নিজের ফেসবুক পেইজে প্রকাশ করা এমন ভিডিও বার্তার বিপরীতে ফেসবুকে সাধারণ মানুষও প্রতিবাদ জানিয়েছে। আবার তার কথার সঙ্গে সহমত প্রকাশ করেছেন অনেকে।