গৃহকর্মীকে হোটেলে নিয়ে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

বেশি বেতনে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আবাসিক হোটেলে নিয়ে এক গৃহকর্মীকে ধর্ষণ করেছেন মো. সেলিম (৩৪) নামে এক যুবক। ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে গোপনে ভিডিও ধারণ করে পরবর্তীতে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ ও টাকা দাবি করেন। 

এ অভিযোগে গত শনিবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে সেলিমকে র‌্যাব-২ গ্রেফতার করেছে। সেলিমের বাবার নাম মো. জামাল। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের দুর্গাপুরে। বর্তমানে মিরপুরের দক্ষিণ পীরেরবাগে বসবাস করেন। 

র‌্যাব জানিয়েছে, আনুমানিক দুই মাস আগে গৃহকর্মী হেঁটে একটি বাসায় কাজে যাচ্ছিলেন। এ সময় সেলিম তার পথরোধ করে জানতে চেয়েছিলেন, অন্য কোনো বাসায় কাজ করবে কিনা। বেশি বেতনে তিনি তাকে কাজ পাইয়ে দিতে পারবেন। মেয়েটি সরল বিশ্বাসে রাজী হয়ে যান। এর দুদিন পর সেলিম মেয়েটির বাসায় যান এবং বলেন, তার জন্য বেশি বেতনে একটি বাসায় কাজ ঠিক করেছেন। ওই বাসায় কাজে যোগদান করানোর নাম করে মেয়েটিকে শ্যামলীর বাসস্ট্যান্ডের অদূরে ‘রাজ ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে’ নিয়ে যান। মেয়েটি তখনো বোঝেননি তার সঙ্গে অনৈতিক সম্পর্কের জন্য সেখানে নেওয়া হয়েছে। হোটেলের ছয় তলার একটি কক্ষে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে সেলিম ধর্ষণ করেন তাকে। ধর্ষণের দৃশ্য গোপনে সেলিম মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। ধর্ষণের বিষয়টি ফাঁস করলে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। 

আরো পড়ুন : যেকোনো দুর্নীতি প্রতিরোধের চেষ্টা করবো: অ্যাটর্নি জেনারেল

পরবর্তীতে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আবার মেয়েটিকে একই হোটেলে ডেকে ধর্ষণ করেন। পাশাপাশি মোটা অংকের টাকা দাবি করেন সেলিম। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দেবেন বলে আবার হুমকি দেন। টাকা নেওয়ার জন্য সেলিম গত শনিবার রাত সোয়া ৮টার দিকে মেয়েটির বাসার সামনে রাস্তায় অবস্থান করছিলেন। মেয়েটির অভিযোগের ভিত্তিতে সেখান থেকে র‌্যাব-২ এর একটি দল সেলিমকে গ্রেফতার করে।

 

ইত্তেফাক/ইউবি