ভূঞাপুরে বন্যায় গোখাদ্যের তীব্র সংকট

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যা ও অতিবৃষ্টির কারণে গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। খড়ের দাম দিন দিন বেড়ে যাওয়ায় বিপাকে খামারি ও প্রান্তিক কৃষকরা। অনেকেই গরু কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ভূঞাপুর উপজেলার চর চন্দনী গ্রামের নুরুল ইসলাম বলেন, বাড়িতে চারটা গরু ছিল। বন্যায় চরাঞ্চলসহ আশপাশের এলাকা তলিয়ে যাওয়ায় গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। খড়ের দাম বহুগুণে বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে একটা গরু রেখে বাকি গরুগুলো কম দামে বিক্রি করে দিয়েছি। হাতেম আলী বলেন, আগে ২০০ টাকা দিয়ে ১০০ আঁটি খড় কিনতাম। সেই খড় এখন ১ হাজার ৬০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। খড় বিক্রেতা ঈমান আলী বলেন, বন্যা ও অতিবৃষ্টির কারণে গোখাদ্যের সংকট দেখা দিয়েছে সব জায়গায়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার দেবনাথ বলেন, বন্যা ও অতিবৃষ্টির কারণে এমন সংকট তৈরি হয়েছে। প্রাণিসম্পদ থেকে খামারি ও প্রান্তিক গরুর মালিকদের পরামর্শ দেওয়া হচ্ছে। রাস্তার ধারে বা ফাঁকা জায়গায় ঘাসের কাটিং লাগানো ও সংকটময় সময়ে গরুকে গমের ভুসি খাওয়ানোর জন্য বলা হচ্ছে।