ফেনীতে সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার

ফেনী প্রতিনিধি

ফেনীতে সেপটিক ট্যাংক থেকে শনিবার রাতে ইউনুছ বাবু নামের এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরের পাঠানবাড়ী এলাকার শফিকুর রহমান সড়কের তাসফিয়া ভবনের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বাবু চীনের আহোট ইউনিভার্সিটিতে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেন। তিনি শহরের শাহীন একাডেমি সড়কের একটি বাসায় থাকতেন। গ্রামের বাড়ি সোনাগাজীর তাকিয়া বাজারের পাইকপাড়ার সওদাগরে। পুলিশ সূত্রে জানা গেছে, শাহরিয়ার ও বাবু দুই বন্ধু। বৃহস্পতিবার রাতে দুজনে একসঙ্গে ঘর থেকে বের হয়েছিলেন। শুক্রবার শাহরিয়ারকে আহতাবস্থায় সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করার পর বাবু না ফেরায় তার মা রেজিয়া বেগম শাহরিয়ারের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় ভবনটির কেয়ারটেকার মো. শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ।