নিউট্রেশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ
খাগড়াছড়ি প্রতিনিধি পুষ্টিজ্ঞান ছড়িয়ে দিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কর্মকর্তাদের নিয়ে নিউট্রেশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ শুরু হয়েছে। এর আয়োজন করেছে লিডারশিপ টু এনশিওর এডুইকুয়েট (লিন) নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। রবিবার কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলনকক্ষে দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে করোনা পরিস্থিতিতে শিক্ষার মানোন্নয়নে উপজেলা মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের মতবিনিময় সভা রবিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এর আয়োজন করা হয়। ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুখলেছুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার।
ভাবিচা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা নিয়ামতপুরের ভাবিচা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। রবিবার ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ভাবিচা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুয়ারা বেগমের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাবিচা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশিদুল ইসলাম সেতু।
বিশ্ব কন্যাশিশু দিবসে অনুষ্ঠান
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা নাগেশ্বরীতে বিশ্ব কন্যাশিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে রবিবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বেরুবাড়ী আবাসনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব। শালমারা ইসলামীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক হামিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাজমুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা পবিত্র কুমার সরকার প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা আগামী ১৭ অক্টোবর নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলালকে বিজয়ী করার লক্ষ্যে রবিবার বড়গাছা ইউনিয়নে বিভিন্ন শ্রেণিপেশার সুবিধাভোগীদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বড়গাছা ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। বড়গাছা ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা
ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা বের করা হয়। রবিবার স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা বের করা হয়। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল কর্মকর্তা ডা. প্রসেনজিত্ বিশ্বাস পার্থ প্রমুখ বক্তব্য রাখেন।
লিফদের চাকরি সরকারিকরণের দাবিতে মানববন্ধন
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা বাগমারায় দেশের ইউনিয়ন পর্যায়ে মত্স্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পে কর্মরত লিফদের চাকরি সরকারিকরণের দাবিতে রবিবার মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে। বাংলাদেশ লিফ ঐক্য কল্যাণ পরিষদের রাজশাহী বিভাগের উদ্যোগে বাগমারায় এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা সদর ভবানীগঞ্জ নিউমার্কেটের সামনে দাঁড়িয়ে সংগঠনের বিভাগের অর্ধশত সদস্যরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। সংগঠনের রাজশাহী বিভাগের সভাপতি শাহজাহান আলী সরদারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আবদুর রাজ্জাক, বাবুল হোসেন প্রমুখ।
দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে সুষ্ঠু সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ত্রিশাল থানার আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ত্রিশাল থানার ওসি মাহমুদুল ইসলামের (পিপিএম) সভাপতিত্বে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায়, ত্রিশাল ইউপি চেয়ারম্যান জাহিদুল আমিন সরকার প্রমুখ।