নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার নন্দীগ্রামে যৌতুকের দাবিতে নববধূ স্বর্ণাকে (১৮) পিটিয়ে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী ও শাশুড়িকে আটক করেছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে উপজেলার চাকলমা গ্রামে হত্যার ঘটনাটি ঘটে।
জানা গেছে, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কালিশ গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে স্বর্ণা সঙ্গে একই উপজেলার চাকলমা গ্রামের আব্দুল খালেকের ছেলে খায়রুল ইসলামের প্রেমের সম্পর্কে জড়িয়ে ৯ মাস আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বর্ণা তার স্বামীর বাড়িতে ঘরসংসার শুরু করেন। কয়েক দিন আগে স্বামীর বাড়ির লোকজন স্বর্ণার পরিবারের কাছে ৪ লাখ টাকা যৌতুক দাবি করে। রবিবার সকালে স্বর্ণার বাবা মেয়ের বাড়িতে গিয়ে যৌতুকের বিষয়ে উভয় পক্ষের আলোচনার জন্য আগামী বুধবার দিন ধার্য করে বাড়ি ফিরে যান। পরে বেলা ১১টার দিকে তাকে ফোন করে জানানো হয় স্বর্ণা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে স্বর্ণার বাবা মেয়ের বাড়ি গিয়ে তার মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে বিষয়টি থানার পুলিশকে জানান। আনোয়ার হোসেন বলেন, ৪ লাখ টাকা যৌতুকের দাবিতে তার মেয়েকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার চালানো হয়েছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবীর জানান, স্বর্ণাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্বামী খায়রুল ও নাদিরা বেগমকে আটক করা হয়েছে।