চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের চিতলমারীতে একটি বিরোধপূর্ণ জায়গা দখলকে কেন্দ্র করে বসতবাড়ি ও দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীদের তাণ্ডবে কলিগাতি নতুনহাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবিবার সকাল ১০টায় দফায় দফায় হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। হামলায় এক শিশুসহ দুই জন আহত হয়েছে। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
আহত ইকতিয়ার খলিফা (৪৫) বলেন, ‘একই এলাকার চেয়ার উদ্দিনের কাছ থেকে আমি কলিগাতি নতুনহাটে ৫ শতক জমি কিনে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। পরবর্তী সময়ে ঐ জমি খাস খতিয়ানে গেছে। আমি বর্তমানে খাসজমির ওপর রয়েছি। কিন্তু একই এলাকার প্রভাবশালী আউলিয়া শেখ ঐ জমি দখল নিতে পাঁয়তারা চালাচ্ছে। রবিবার সকালে আউলিয়া ও তার লোকজন আমার বসতবাড়ি ও দোকানে ভাঙচুর ও লুটপাট করে।