বাসস
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নেতারা তাদের নেতাকর্মীদের কাছে অপ্রিয়, তারা দেশের মানুষের কাছে কীভাবে প্রিয় হবে।’ তিনি গতকাল দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম আয়োজিত করোনাকালে মৃত্যু বরণ করা চট্টগ্রাম বিভাগের ছয় সাংবাদিকের স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন।
বিএনপির নেতা নজরুল ইসলাম খানের মন্তব্য ‘ফাসিবাদী সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে’ এবং ‘মির্জা ফখরুলের বাসায় পচা ডিম নিক্ষেপ’ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে ড. হাছান বলেন, বিএনপি তো ২০০৯ সালে আমাদের সরকার গঠনের পর থেকেই বলে আসছে—‘এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। এই সরকারকে সময় দেওয়া যাবে না।’ আর আমরা দেখছি, ‘বিএনপি যখন সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা বলছে, তখন তাদের দলের মধ্যেই আন্দোলন শুরু হয়ে গেছে।’
এর আগে সভায় তথ্যমন্ত্রী এবং আমন্ত্রিত বক্তারা চট্টগ্রাম বিভাগের ছয় প্রয়াত জ্যেষ্ঠ সাংবাদিকের সাংবাদিকতায় অবদান স্মরণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে ও মহাসচিব শাহীন উল ইসলাম চৌধুরীর পরিচালনায় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক, বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া, দৈনিক স্বদেশ প্রতিদিন সম্পাদক রফিকুল ইসলাম রতন প্রমুখ সভায় অংশ নেন।